ঋতু বদলের সময়ে গলাব্যথার সমস্যা বেড়ে যায় অনেকের। বিশেষ করে শীতের সময় নাক দিয়ে ক্রমাগত জল পড়া, নাক বন্ধ হয়ে আসা, মুখ দিয়ে শ্বাস নেওয়া বা লালা পড়ার সমস্যাও বাড়ে বহু মানুষের। কেবল শিশুদেরই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও এই সমস্যা দেখা দেয়। হাঁপানি থাকলে তার টান মারাত্মক ভাবে বেড়েও যায়। নিছক ঠান্ডা লেগে নয়, এই সমস্যাগুলি অ্যাডিনয়েড বা টনসিলাইটিস থেকেও হতে পারে।
যে কোষগুলি দিয়ে টনসিল তৈরি হয়, সেগুলিকে বলে লিম্ফয়েড কোষ। এই কোষগুলি মূলত প্রতিরক্ষার কাজ করে। কিন্তু যদি এই লিম্ফয়েড কোষে বার বার জীবাণু সংক্রমণ হয়, তখন সেগুলি অকেজো হয়ে পড়তে থাকে। টনসিলের ভিতরেই তখন জীবাণুরা বাড়তে থাকে। মারাত্মক গলাব্যথা, শ্বাসের সমস্যা শুরু হয়। ঢোক গিলতে অসুবিধা হয়। টনসিলাইটিসে আক্রান্ত ব্যক্তির গলায় খুসখুস ভাব, খাবার গিলতে সমস্যা ও ব্যথা লাগা, কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, কানব্যথা, মাথাব্যথা, জ্বর, খিঁচুনি, গলার নীচে লসিকা গ্রন্থি ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। গার্গল করে বা প্যারাসিটামল খেয়েও ব্যথা কমে না অনেক সময়েই।
সারবে কিসে?
অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই চিকিৎসা হয়। চিকিৎসক জানাচ্ছেন, উষ্ণ জলে নুন মিশিয়ে কুলকুচি করলে আরাম পাওয়া যায়। লেবু বা আদা চা খেতে পারেন। গলায় ঠান্ডা লাগানো যাবে না। গলায় তীব্র ব্যথা ও জ্বর থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। তবে নিজে থেকে ওষুধ না খাওয়াই ভাল।