সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শূন্যরেখায় আটকে আছে নারী-শিশুসহ ১২ জন

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি তাদের এ চেষ্টা প্রতিহত করে। এখন ওই ১২ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

বিজিবি সূত্র জানায়, ওই ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারটি শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছে। তারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এ কাজে স্থানীয় সীমান্তবাসীও সহযোগিতা করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা এলাকাবাসী বিজিবির সাথে সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছি। আমরা কোনোভাবেই ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ করতে দেব না। বিএসএফ তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে তাদের গেট বন্ধ করে দিয়েছে। তপ্ত রোদের মধ্যে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে, তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।


এই বিভাগের আরো খবর