বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট আচরণবিধি প্রণয়ন করেছে সিবিএফ। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে থাকবে বিশেষ নজরদারি। প্রস্তুতি পর্ব শুরু হওয়ার পর থেকেই খেলোয়াড়রা যেন বাইরের কোনো বিষয় নিয়ে ব্যস্ত না হন, সেটিই নিশ্চিত করতে চায় ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের পরদিন খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক বিশ্রামের সময় নির্ধারণ করা হবে। পরিবারের সদস্যরা দলের সঙ্গে একই হোটেলে থাকতে পারবেন না। তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা হয়েছে এবং ম্যাচের টিকিটও বরাদ্দ থাকবে নির্দিষ্ট সংখ্যায়।
তবে কড়াকড়ির মধ্যেও খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সিবিএফ। পর্যাপ্ত বিশ্রাম, রিকভারি সেশন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ রাখা হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে।
বিশ্বকাপ প্রস্তুতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ব্যবহার করা হবে স্ক্যানার, সেন্সর এবং উচ্চক্ষমতাসম্পন্ন পারফরম্যান্স বিশ্লেষণ সরঞ্জাম। এ কাজে সহায়তা করবেন বিশেষজ্ঞদের একটি দল। পাশাপাশি দলের জন্য থাকছেন বিশেষ রাঁধুনি এবং সর্বাধুনিক ক্রীড়া সরঞ্জামের ব্যবস্থাও।







