রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন সিরাজগঞ্জ সদরের সাজেদুল শেখ ও একই জেলার শাহজাদপুর উপজেলার রুবেল।বুধবার দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীর জানান, গত ৭ আগষ্ট মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে শ্রমিকদের হাত পা বেধে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ প্রায় সাড়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতারের পর সিআইডি জানতে পারে সিরাজগঞ্জের বেলকুচির পিতাপুত্র সাদেক ও হাসান ঢাকায় থেকে এই ডাকাত দল পরিচালনা করে। তাদের নেতৃত্বে একটি দল ট্রাক নিয়ে সারাদেশের কলকারখানা থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ডাকাতি করে। এই দলের ১৪ জন সদস্য রাজশাহী দেশ কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নিয়েছিল। তিনি আরো জানান, রাজশাহীতে অংশ নেয়া ডাকাত দলের ৮ সদস্য নাটোর চিনিকলে ডাকাতির সাথেও সম্পৃক্ত ছিল। এই গ্রুপটি রংপুর চিনিকলেও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।