তারেক রহমান সতর্ক করে বলেন, দেশে আইনশৃঙ্খলার জন্য হুমকি এবং দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, ‘বার্তাটি স্পষ্ট—আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
সোমবার (৯ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ এবং রমজানের আগে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে উপস্থিত কয়েকজন সংসদ সদস্য আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে সংসদীয় আসনগুলোতে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উন্নয়নকাজে ব্যয় করতে পারবেন সংসদ সদস্যরা। এসব কাজের মধ্যে স্কুল, কলেজ ও সড়কের উন্নয়নও থাকবে বলে তারা জানান।







