সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ‘এখন’ টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে একটি হাসপাতালে চার দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত মাসুমা আক্তারের (৩০) বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে।
গত শুক্রবার বিকালে মাসুমা ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লায় শশুর বাড়ি যাচ্ছিলেন। বাস থেকে নেমে সিএনজি চালিত অটোরিকশার চালকের সঙ্গে ভাড়ার বিষয়ে কথা বলছিলেন তারা। এ সময় আরেকটি অটোরিকশার ধাক্কায় তারা দুইজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায়“রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান মাসুমা। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রো-অ্যাকটিভ মেডিকেলে স্থানান্তর করা হয়। যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মাসুমা রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন। তার সাংবাদিকতা শুরু ২০১৪ সাল থেকে। রাজশাহীর স্থানীয় গণমাধ্যমে কাজের পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর এখন টিভির রাজশাহী ব্যুরো অফিসে কাজ শুরু করেন। ”মাসুমা আক্তারের অকাল মৃত্যুতে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।