মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সময় থাকতে সতর্ক হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, দিন শেষে সবকিছুর দায় তার ওপরই আসবে। যারা এখন তার সঙ্গে আছেন, বিপদের সময় তারা পালিয়ে যাবেন। তখন কেউ বলবেন না যে আমরা এর জন্য দায়ী। অনুরোধ করব, সময় থাকতে হাঁটেন, না হলে বিপদে পড়বেন।

অলি আহমেদ বলেন, আমরা বারবার কয়েক মাস ধরে আপনাদের কষ্ট দিয়ে আসছি। মিটিং করে আপনাদের ডাকি, আমরা কথা বলি, কিন্তু কাজ হচ্ছে না। এ কথাগুলো কিন্তু আমাদের জন্য না। অতীত অভিজ্ঞতা থেকে আমরা চাই, এই দেশটা সঠিক পথে চলুক। প্রত্যেকটা অফিসের জন্য, প্রত্যেকটা পদের জন্য একটা নিয়ম তৈরি হোক। সিস্টেম যদি ঠিক না থাকে, কখনো ওই দেশ এগিয়ে যেতে পারে না। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, প্রেসিডেন্ট কে হলো, না হলো, কিছু আসে যায় না। সিস্টেমই তার সবকিছু দেখভাল করে। আমাদের এখানে সিস্টেম নেই। যার কারণে আপনি দেখেছেন, এই সরকার আসার পর সমস্ত জেলা অফিস, জেলা পরিষদ অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভা সবকিছু এখন বিএনপি অফিসে পরিণত হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে দলীয় প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, এখন তারা ওখান থেকে কী করছে? সরকারের যে টেন্ডার, সেগুলো নিয়ন্ত্রণ করছে। কোথায় কার বিট খালি, সেটা দখল করছে। কোথায় কার সমস্যা, সেখানে গিয়ে নাক গলাচ্ছে।

তিনি বলেন, বিরোধী দলের কাজ হলো সরকারি দলকে সঠিক পথে রাখা। আমরা সেটা করছি। কিন্তু একটা পর্যায়ে আসবে, যেখানে আপনি শুনবেন না। ১৯৯৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বিএনপি শোনেনি, তখন যে অবস্থা হয়েছিল, ওই অবস্থা আবার পুনরায় এখানে হবে। রাতে না ঘুমিয়ে আইন পাস করতে হবে আপনাদের। ওই সময়ের জন্য অপেক্ষা করবেন না।

সরকারকে পরামর্শ দিয়ে এলডিপির চেয়ারম্যান বলেন, দয়া করে ভালো মানুষদের পরামর্শ নেন। মূর্খদের সঙ্গে বসে কোনো লাভ নেই। অনভিজ্ঞ লোকদের সঙ্গে বসে কোনো লাভ নেই। যারা জানে, তাদের সঙ্গে বসে কাজ করেন। ঠিক পথে চলেন। দেশ শান্তিতে থাকুক, মানুষ শান্তিতে থাকুক। এটাই আমাদের কাম্য।


এই বিভাগের আরো খবর