মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সর্ষের সঙ্গে ডিম দিয়ে রেঁধে ফেলুন দারুণ এক পদ

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ডিম বলতে অজ্ঞান!এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সকাল থেকে রাত, পারলে তাঁরা ডিমের ঝুড়ি নিয়েই বসে থাকেন। সেদ্ধ, ভাজা, ভুর্জি— যা দেবেন, যে ভাবে দেবেন, তাতেই তাঁরা বেজায় খুশি। তবে কাঁহাতক আর ডিম দিয়ে সেই এক ধরনের পদ খাওয়া যায় বলুন তো! তার চেয়ে বরং কম সময়ে চট করে বানিয়ে ফেলুন ডিম-সর্ষে। রইল প্রণালী।

উপকরণ:

৪টি ডিম

১ কাপ টক দই

দেড় চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন এবং চিনি

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

২ টেবিল চামচ সর্ষেবাটা

প্রণালী:

প্রথমে ডিমগুলি সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে ফেলুন। তার পর ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে সমান দু’ভাগে করে নিন।

অন্য একটি পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, চিনি, নুন, সর্ষেবাটা ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, নুন এবং চিনি যেন ভাল ভাবে মিশে যায়।

এ বার অর্ধেক করে নেওয়া ডিমগুলো একটি পাত্রে সাজিয়ে রাখুন। মশলার ওই মিশ্রণটি ডিমের গায়ে ঢেলে দিন। নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বরং উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।

ব্যস, এটুকু করলেই কাজ শেষ। রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ডিম-সর্ষে।


এই বিভাগের আরো খবর