সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাঁহাতি অলরাউন্ডার দেশে ফেরেনিন। ফলে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলেন নির্বাচকরা। সাকিবের বদলে স্কোয়াডে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সাকিব দেশে আসতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন। কিন্তু দুবাই পৌঁছাতে পারলেও আটকে যান। ফিরে গেছেন সম্ভবত যুক্তরাষ্ট্রেই।
এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন মুরাদ। বাঁহাতি এই স্পিনার ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। কক্সবাজার থেকে উঠে আসা ২৩ বছর বয়সী মুরাদ ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি।