প্রথমে নারী ফুটবল দলের সাফের ফাইনালে খেলা খেলোয়াড়দের পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কাদের পাঠাবে তা নিয়ে বিপাকে পড়ে। কেননা পুরো দলটিতে খেলোয়াড় আছেন ২৩ জন। পরে বাফুফে দলের কোচ, খেলোয়াড় এবং কর্মকর্তাসহ ৩২ সদস্যকে আবারও আমন্ত্রণ জানাতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে একুশে পদক নারী ফুটবল দলের কয়জন পাবেন? শিরোনামে রিপোর্টও হয়েছিল। ওই প্রতিবেদনের পর এখন পুরো ৩২ জনের দলই থাকছে অনুষ্ঠানে। ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ৭টি আমন্ত্রণপত্র।
অবশ্য অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে তাদের সকলের প্রতিনিধি হিসেবে পদক নেবেন অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্দা। অন্যরা থাকবেন সামনের সারিতে। এছাড়া চার লাখ টাকা পুরস্কারও পাবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল।অনুষ্ঠানের আগে পুরস্কার নেওয়ার ড্রেস রিহার্সেলও আজ হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।







