অনেকে বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি আছেন, আবার কেউ কেউ দাবি করছেন তিনি ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। কিন্তু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের বর্তমান অবস্থান নিয়ে কোনো নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি।
বাংলাদেশ পুলিশের ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে পরিচিত হারুন অর রশীদ এখন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ৩৮ হত্যা মামলার আসামি এই ব্যক্তিকে ‘হ্যান্ডকাফ’ পরিহিত অবস্থায় দেখতে চান ছাত্র-জনতা, এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার ঝড় উঠেছে।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার গঠনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক হত্যা ও গুমের মামলা দায়ের হয়, এবং সবচেয়ে বেশি মামলার সুর বাজে পুলিশ বাহিনীর বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ ও হত্যার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে।
পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে দেখা যায়, সাবেক ডিবি-প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৮টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, তার নামে করা হয়েছে ৩৬টি মামলা।
এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে । অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন। তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কি না এসব প্রশ্ন করছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।
হারুন আসলে কোথায় আছেন?
একটি সূত্র নিশ্চিত করেছে, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ এখনো জীবিত আছেন এবং দেশেই আছেন। সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন। কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন। ৫ আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি।
পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন ৬ আগস্ট হারুন অর রশীদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। সেদিন হারুন জানান, তিনি দেশেই আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। ৬ আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন ৭ আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি।
এদিকে গত ৮ আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদের। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি আসলে হারুন অর রশীদের নয়।
একাধিক সূত্রে জানা যায়, গত ৮ থেকে ১০ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদকে মারধর করেন। পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ২৬ জুলাই বিকেলে ও দিবাগত রাতে আন্দোলনের ৬ সমন্বয়ককে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে।
টানা ছয়দিন ডিবি কার্যালয়ে রাখার পর সমালোচনার মুখে ৬ সমন্বয়ককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সমন্বয়করা বের হয়ে জানান, তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়।
৬ সমন্বয়ককে বিনা কারণে ডিবি হেফাজতে রাখায় বিভিন্ন মহল তৎকালীন ডিবি প্রধান হারুনের সমালোচনা করেন। এর মধ্যে সরকারপন্থি সমালোচকেরাও রয়েছেন। এর প্রেক্ষিতে গত ৩১ জুলাই হারুনকে বদলি করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়।
ফোন রেকর্ড ফাঁস
বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার দুটি ফোন রেকর্ড ফাঁস হয়। এর মধ্যে একটি একজন প্রবাসী সাংবাদিকের সাথে, অপরটি এক ছাত্রলীগকর্মীর সাথে। প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন, ‘আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়।’
ছাত্রলীগ কর্মীর সাথে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথনে হারুন বলেন, ‘সমন্বয়ককে হারুন ধরে নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও এসবি প্রধানের সম্মিলিত সিদ্ধান্তে তাদের নিরাপত্তার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমি যদি তাদের একটা চড় দিতাম, তাহলে তারা বের হয়েই বলত, এটা তারা বলেনি। আমি তাদের সাথে ভালো ব্যবহার করেছি। তাদের বাবা-মাকে ডেকে ভাত খাইয়েছি।’
সরকার পতনের পর যেভাবে পালান হারুন
গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকে এ খবর জানতেন না। পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদরদপ্তরে ছিলেন। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদও তখন পুলিশ সদরদপ্তরে ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদরদপ্তরের দিকে এগিয়ে আসে তখন হারুন অর রশীদ পুলিশ সদরদপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এসময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করেন।
আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন।