মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক বিভেদ প্রতিহতের আহ্বান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ।

আইনজীবীদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরবো।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদের শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাবো। জাতীয় ঐক্য পরিণত হোক, এমন এক প্রাতিষ্ঠানিক ঐকমত্যে—যার ওপর ভর করে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ বা স্তম্ভ স্ব-স্ব অবস্থান থেকে প্রকৃত অর্থে স্ব-স্ব স্বাধীনতা বজায় রেখে—সেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে সক্ষম হয়।’


এই বিভাগের আরো খবর