তার নেশা ছিল সিনেমা দেখা। সপ্তাহে অন্তত একটা তো বটেই। আর সেই সিনেমা দেখার অভ্যাসেই পুলিশের জালে ধরা পড়ল এক সোনা চোর। মুচিপাড়া থানা এলাকার এই ঘটনায় কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হয়েছে দিলীপ মোদক নামে ওই ব্যক্তিকে। ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে লালবাজারের দাবি। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অভিযুক্ত দিলীপের বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায়। সেখানে এবং একাধিক জায়গায় হানা দিয়েও পুলিশ তার নাগাল পাচ্ছিল না। এর পরে একটি সূত্রে পুলিশ জানতে পারে, মাঝেমধ্যেই সিনেমা দেখতে যায় অভিযুক্ত। সপ্তাহে অন্তত একটি সিনেমা তার দেখা চাই-ই। এর পরে কৃষ্ণনগর এবং কলকাতার একাধিক সিনেমা হলে সাদা পোশাকে নজরদারি শুরু করে পুলিশ। সেই সূত্রেই শনিবার কলকাতা পুলিশের একটি দল ছিল কৃষ্ণনগরের সঙ্গীতা সিনেমা হলের কাছে। সেখানেই সিনেমা দেখতে গিয়ে ধরে পড়ে যায় দিলীপ। রাতেই তাকে কলকাতায় নিয়ে আসা হয়।