শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

‘সেনাবিরোধী মন্তব্য’, মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জার

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভারতীয় সেনার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার এই পরোয়ানা জারি করেছেন। অভিযোগ, এই মামলায় একাধিক বার সমন পাঠানো হলেও মহুয়া আদালতে হাজির হননি। সেই কারণে শেষ হাজিরার দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

শুধু সেনাবাহিনী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিতর্কিত ও অপমানজনক মন্তব্যের অভিযোগ রয়েছে মহুয়ার বিরুদ্ধে। এ ছাড়া, মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে তাঁর কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তার প্রেক্ষিতে কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতে মামলা করেছিলেন। মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, পূর্বে একাধিক বার সমন জারি করা হয়েছিল মহুয়ার বিরুদ্ধে। তাঁকে কৃষ্ণনগর আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এক দিনও আসেননি।

উল্লেখ্য, কিছু দিন আগে অন্য একটি মামলায় আদালতের নির্দেশে কৃষ্ণনগর থানায় হাজিরা দিতে গিয়েছিলেন মহুয়া। তার পর কৃষ্ণনগরের সার্কিট হাউসে রাত কাটান। অভিযোগ, রাতে সেখানে তাঁকে হেনস্থা করা হয়। প্রশাসন রাতে সার্কিট হাউস ছেড়ে দিতে বলে সাংসদকে। বাইরে বিজেপির কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভও দেখান দীর্ঘক্ষণ। মহুয়া সার্কিট হাউস থেকেই সমাজমাধ্যমে একের পর এক ভিডিয়ো প্রকাশ করে ঘটনাবলির ব্যাখ্যা দেন। পরে তা নিয়ে লোকসভার স্পিকারকে চিঠিও লেখেন।


এই বিভাগের আরো খবর