শনিবার জ্ঞানেশ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করেন বেণুগোপাল। তাঁর বক্তব্য, জ্ঞানেশকে বাঁচানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চেষ্টাই মোদীর সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে বলে মত কংগ্রেস নেতার। “কোনও নেতার পতন আসন্ন হয়ে গেলে তিনি যে ভাবে আচরণ করেন, প্রধানমন্ত্রী মোদীও তেমনই আচরণ করছেন। তিনি বিরোধী জোটের বিক্ষোভকে ভয় পাচ্ছেন,” বলেন বেণুগোপাল। ভোটপ্রক্রিয়া অবাধ এবং সুষ্ঠু না-হওয়া পর্যন্ত কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক।