মুখোমুখি হতে পারেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সোমবার সদ্যনির্বাচিত ছ’জন তৃণমূল বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যেতে পারে। রাজভবন সূত্রে খবর, পুরানো তিক্ততা কাটিয়ে নিয়মমাফিক নবনির্বাচিত বিধায়কের শপথবাক্য পাঠ করাতে বিধানসভায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় সেখানে দুই সাংবিধানিক প্রধানের মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের মধ্যে কথাবার্তা হয় কি না তা দেখার। কারণ, সাম্প্রতিক সময়ে নবান্ন ও রাজভবনের সংঘাতে দু’জনকে একসঙ্গে সামনাসামনি দেখা যায়নি।
সম্প্রতি রাজ্যের ছ’টি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল। নৈহাটি, হাড়োয়া, মাদারিহাট, সিতাই, তালড্যাংরা ও মেদিনীপুরে জয়ী হয় তারা। সোমবার বিধানসভায় ওই বিধায়কদেরই শপথগ্রহণ রয়েছে। সেখানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে একই অনুষ্ঠানে দেখা গেলেও রাজ্যের বিরোধী দল অংশ নেবে কি না তা এখনও স্পষ্ট নয়।