রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার সরকারি এক ঘোষণায় বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া বলেছে, দেশটিতে আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর।

সাধারণত সৌদি আরবে ‍উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আগামীকাল (সোমবার) জানা যাবে। হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে।

আজ থেকে প্রায় ১৫ শ’ বছর আগে সৌদি আরবে উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন। আরাফাহর দিনে হজযাত্রীরা আরাফাহ ময়দানে প্রার্থনা করার জন্য একত্রিত হন; যেখানে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন। সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।

 


এই বিভাগের আরো খবর