আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাঁজার প্রতি কেজি ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৪০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, এখন সবজি কিনে খুব স্বাচ্ছন্দ্য পাওয়া যাচ্ছে। বিগত কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ঠিকই, তবে দু-এক বছর আগে শীতের সময় সবজির দাম আরও কম থাকতো। তারপরেও কিছুদিন আগের চেয়ে সবজির দাম তুলনামূলক অনেকটাই কমে এসেছে।
মহাখালীর সবজি বিক্রেতা আব্দুর রহিম বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম। যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে। আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো, এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়। দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায়। বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই।
তিনি আরও বলেন, পুরো শীতজুড়েই সবজির দাম এমন কমই থাকবে। শীত কমার পর সবজির দাম আবার কিছুটা বাড়তে পারে। তবে এখন যে সবজির দাম চলছে, এমন কম দাম অনেকদিন দেখা যায়নি।
সার্বিক বিষয় নিয়ে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, এখনো সবজির দাম খুব কম, সামনে হয়ত আরও কমতে পারে। রাজধানীর অন্যান্য খুচরা বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারের সবজির দাম আরও কম। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী তারা এখান থেকে কিনে, পরে পরিবহন, লেবার খরচ, দোকান খরচ সবকিছু ধরে সবজির দাম নির্ধারণ করে। ফলে কারওয়ান বাজারের তুলনায় অন্যান্য সব খুচরা বাজারে সবজির দাম একটু বেশি। তবে সব দিক থেকে হিসেব করলে গত বছরের পুরো সময়ের চেয়ে নতুন বছরের শুরুতে এই সময় এসে বাজারের সবচেয়ে কম দাম যাচ্ছে সবজিগুলোর।