ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেছেন, আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়, বরং এটি শহীদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান-চলাচল বন্ধ করে দেয়।
হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ নয় আমার হাদি ভাই? আপনারাই বলবেন, আমার বাংলাদেশ থাকবে, আমার হাদি ভাই থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। এর আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানিয়েছেন তিনি।