বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

হারমানপ্রীতের নেতৃত্বে নারী টি২০ বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

আসন্ন নারী টি২০ বিশ্বকাপে তারকা ব্যাটার হারামানপ্রীত কউরের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এনিয়ে পঞ্চমবারের মত টি২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন হারমানপ্রীত। স্মৃতি মান্ধানা তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নারী টি২০ বিশ্বকাপে প্রথম শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারত। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাচ্ছে টি২০ ফর্মেটে নারীদের সর্বোচ্চ এই আসর।

ভারতীয় টি২০ দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার স্বস্তিকা ভাটিয়া ও বাঁ-হাতি স্পিনার রাধা যাদব। এছাড়া এ বছর নারী প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭ উইকেট নেয়া পেসার নন্দীনি শর্মা প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন।

৩৭ বছর বয়সী হারমানপ্রীত একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে ২০০৯ সালের পর থেকে অনুষ্ঠিত প্রতিটি টি২০ বিশ্বকাপে খেলেছেন। বিশ্বকাপে ভারতের লক্ষ্য সম্পর্কে অধিনায়ক হারমানপ্রীত বলেন, ‘আমি অবশ্যই এই দলটিকে ফেবারিট হিসেবে এগিয়ে রাখবো। যে দল ঘোষনা করা হয়েছে তাদের চ্যাম্পিয়ন হবার মত সব ধরনের যোগ্যতা রয়েছে। এই দলের উপর কোন চাপ নেই, তারা অতি আত্মবিশ্বাসীও নয়। টি২০’র অর্থই হচ্ছে ভাল ক্রিকেট খেলা।’

গত বছর হারমানপ্রীতের অধীনেই ভারত প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় করেছিল। কিন্তু এখনও এই দলটির টি২০ বিশ্বকাপের শিরোপা হাতে তোলা হয়নি। ২০২০ সালে ভারতকে রানার্স-আপ শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

আগামী ১৪ জুন বার্মিংহামে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপ-১’র অপর দলগুলো হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। অপরদিকে গ্রুপ-২’এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।

বিশ্বকাপের আগে ভারত ইংল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ভারত ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছে।
বিশ্বকাপ শেষে হারমানপ্রীতের নেতৃত্বে আগামী ১০ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও খেলবে ভারত।

টি২০ বিশ্বকাপ স্কোয়াড : হারমানপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রডরিগুয়েজ, ভারতী ফুলমালি, দিপ্তী শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরনী, স্বস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), নন্দীনি শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং, ক্রান্তি গৌর, শ্রেয়াংকা পাতিল, রাধা যাদব।


এই বিভাগের আরো খবর