মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ভূমি মন্ত্রী মিনুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ব্র্যাক বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। রাজশাহীর সোনালী আঁশ পাটের ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্র্যাকের অনেক অভিজ্ঞতা আছে। আমি ব্র্যাকের ঊর্ধ্বতনদের কাছে অনুরোধ করতে চাই যে, ব্র্যাক তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের রেশম ও হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে তারা যেন আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। শুক্রবার রাজশাহী পবা উপজেলায় অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে ব্র্যাক বার্ষিক প্রতিবেদন- ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাককে খুবই সম্মান করেন। আগামী দিনে ব্র্যাকের কাছে স্বাস্থ্যব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক সহযোগিতা চান। ব্র্যাকের সাথে আমরা আছি জানিয়ে মন্ত্রী বলেন, ৯১ এর সেই ছোট্ট ব্র্যাক আজ সারা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত। বর্তমান গণতান্ত্রিক সরকার ব্র্যাকের কাছে যে প্রত্যাশা করছে আগামী দিনে সে প্রত্যাশা দেশকে আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসবে। ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ অনুষ্ঠানে কীনোট উপস্থাপনা করেন
অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, জেলা প্রশাসক কাজী শহিদুল এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বক্তৃতা করেন।

 


এই বিভাগের আরো খবর