স্লো ওভার রেট (ধীরগতি) নিয়মে বাংলাদেশকে জরিমানা করেছে আইসিসি। ফলে ম্যাচ ফি’র ৫ শতাংশ পরিশোধ করতে হবে তাদের। ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী জ্যোতির দলের বিরুদ্ধে এক ওভার দেরিতে শেষ করার ঘটনায় এই শাস্তির আদেশ দিয়েছেন।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। জ্যোতি নিজের ত্রুটি স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশের বিরুদ্ধে স্লো ওভার রেটের এই অভিযোগ আনেন।