বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত দুই শিক্ষক

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে রংপুর শহরের দাসপাড়ায় মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে। বিক্ষোভের জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফিজুর রহমান ও ধর্মীয় শিক্ষক মোস্তাফিজার রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসক। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম।

ভিডিওটি মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় ওই স্কুলে উপস্থিত ছিলাম। সেই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভায়ও উপস্থিত ছিলাম। এলাকার পরিস্থিতি এখন ভালো রয়েছে।’

এ ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক মোফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ধর্মীয় শিক্ষক মোস্তাফিজার রহমানের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম বলেন, ‘প্রধান শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। সেখানে হিজাব পরতে বাধ্য করার অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে আরও কিছু অভিযোগ রয়েছে। অভিযোগকারী ছাত্রীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘গতকালের স্কুলের উদ্ভূত পরিস্থিতি জানার পর আমি ওই স্কুলে ছুটে যাই। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে বসেই অভিযুক্ত প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’


এই বিভাগের আরো খবর