ব্রিস্টলে সাবেক অধিনায়ক জস বাটলার ও তার স্থলাভিষিক্ত হওয়া হ্যারি ব্রুক ছিলেন জয়ের অন্যতম কারিগর। ৩৬ বলে ৪৭ রান করেন বাটলার, ব্রুক ২০ বলে ৩৪। তাতে ১২.২ ওভারে ২ উইকেটে ১১২ রানে পৌঁছায় দলের স্কোর। কিন্তু টানা দুই ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে সফরকারীরা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন। তখন জয়ের জন্য আরও প্রয়োজন ছিল ৮৫। কিন্তু জ্যাকব বেথেল ও টম ব্যান্টন ক্যামিও ইনিংসে ম্যাচটা ছিনিয়ে নেন পরে। বেথেল ১০ বলে ২৬ রান করে বিদায় নেন। তাতে ছিল তিনটি বড় ছক্কা। তাছাড়া টম ব্যান্টন ১১ বলে খেলেছেন ৩০ রানের অপরাজিত ইনিংস!
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ রানে দুটি উইকেট নেন আলজারি জোসেফ। একটি করে নিয়েছেন আকিল হোসেন, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড ও রোস্টন চেজ।
শুরুতে টস হেরে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে ফেলা যেত। ১৭ ওভারে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ১২১। শেষ ৪ ওভারে পাওয়ার হিটিংয়ের অনন্য প্রদর্শনীতে ৭৫ রান যোগ করে স্কোরবোর্ড সমৃদ্ধ করে ক্যারিবিয়ানরা। রোভম্যান পাওয়েল ১৫ বলে ৩৪, রোমারিও শেফার্ড ১১ বলে ১৯ রান করেছেন। সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন জেসন হোল্ডার। ৯ বলে ২৯ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন তিনি। তাতে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।
ইংল্যান্ডের হয়ে ২৫ রানে দুটি উইকেট নেন লুক উড। ম্যাচসেরাও তিনি। একটি করে নিয়েছেন ব্রাইডন কার্স, জ্যাকব বেথেল ও আদিল রশিদ।







