২০২৪ সালের মধ্যে যাঁরা এ দেশে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে তো? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের দিন কয়েক পরে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্নই তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এই আশ্বাসও দিলেন যে, কারও নাগরিকত্ব তিনি কাড়তে দেবেন না। পাশাপাশি কটাক্ষ করে এ-ও জানালেন যে, ভোটের আগেই কেন্দ্রের বিজেপি সরকার ‘ক্যা ক্যা’ (সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন) শুরু করে।
সম্প্রতি দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস পাঠিয়েছে অসমের বিজেপি সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম নথি তুলে ধরে জানান, ১৯৬৬ সালে প্রথম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছিল উত্তমের। এর পরে কোচবিহারের আরও এক জনকে এনআরসি নোটিস পাঠানো হয়। তাঁর নাম নিশিকান্ত দাস। এই প্রসঙ্গে মমতা অভিযোগ করেন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই নিয়ে বৃহস্পতিবার আবার বিধানসভায় কটাক্ষ করেন মমতা।
অন্য দিকে, মহারাষ্ট্রের এক মতুয়া পরিবার হেনস্থার মুখে পড়েছিল বলে অভিযোগ। রাজ্যের শাসকদল অভিযোগ করে, হেনস্থার মুখে যাঁরা পড়েছেন, তাঁরা মতুয়া। তাঁদের কাছে বৈধ পরিচয়পত্র ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের সই করা কার্ডও রয়েছে। তার পরেও তাঁরা মহারাষ্ট্রের পুণেতে পুলিশের হেনস্থার মুখে পড়েছেন। এই প্রসঙ্গই বৃহস্পতিবার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভাষণে। তিনি জানান, বাংলাভাষীদের অপমান করছে বিজেপি। তিনি বা তাঁর সরকার কোনও ভাষার বিরোধী নন। তিনি বিজেপির উদ্দেশে বলেন, ‘‘বাংলাকে অসম্মান করছেন কেন? এরা বাংলা জানে না। বাংলার আন্দোলন জানে না। বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় এদের জন্ম হয়নি। এরা ইংরেজদের দালালি করেছিল। এরা বাংলার কিছু জানে না।’’