তবে বিএনপি কখনো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। শুরু থেকেই এই সরকারকে সহযোগিতা করে আসছে দলটি – এমন দাবি তার। এছাড়া সরকারের সংস্কারের বিষয়েও ঐকমত্য বলে জানিয়েছে বিএনপি।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধিদল। বৈঠক শেষে রাত পৌনে ৯টার দিকে যমুনার সামনে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন বিষয়ে সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।






