৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কর্মরতরা
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Share
কেয়ারটেকারদের ন্যায্য অধিকার, চাকরি স্থায়ীকরণ ও সরকারি সুযোগ-সুবিধা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কর্মরতরা বেলা সাড়ে ১১টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং তারা তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে মডেল কেয়ারটেকার কল্যান সমিতির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সাধারণ সম্পাদক আতিক হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মানববন্ধনে বক্তারা বলেন, তারা দীর্ঘ ৩৫ বছর ধরে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান সময়ে মাত্র ৭,৫০০ টাকা সম্মানী দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। এই অল্প পরিমাণ অর্থ দিয়ে পরিবার চালানো সম্ভব নয়, অথচ তারা প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পরিশ্রম করছেন এবং ইসলামিক ফাউন্ডেশনের নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন।
তারা আরও বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মচারীরা যথাযথ বেতন স্কেলে কাজ করলেও মডেল কেয়ারটেকাররা এখনও বঞ্চিত রয়েছেন। ফলে তারা আর্থিক সংকটে ভুগছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেয়ারটেকাররা শুধু ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নন; বরং স্থানীয় পর্যায়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রমসহ নানা সরকারি উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখছেন। তবুও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা দিনের পর দিন পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক পাচ্ছি না। ৩৫ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করছি, কিন্তু এখনো আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। বর্তমান যুগে ৭,৫০০ টাকা সম্মানী আমাদের জন্য চরম বৈষম্য। অবিলম্বে আমাদের স্কেলভুক্ত করা হোক, নইলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।