পাঁচ বছরের শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শিশুটির বাবা এবং অন্য আত্মীয়েরা জঙ্গলের মধ্যে যুবককে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করার পর যুবককে গণধোলাই দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যুবককে আটক করেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আদিবাসী তরুণীর হাত-বা বাঁধা দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছে পরিবার। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার ধর্ষণের অভিযোগ রাজ্যে। এ বার লালসার শিকার শিশু।
জঙ্গল থেকে উদ্ধারের সময় শিশুটি অচৈতন্য অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। গুরুতর আহত অবস্থায় সেখানেই শিশুটি চিকিৎসাধীন। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। তাদের অভিযোগ, শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।