সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

৯ দিনে ভারত থেকে এলো এক হাজার ৩০ টন চাল, লোকসানের শঙ্কা

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২৭ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ৩৩টি ট্রাকে ভারত থেকে মোট এক হাজার ৩০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর মধ্যে আজ বুধবার (২৭ নভেম্বর) সর্বশেষ আমদানি হয়েছে ১০৫ মেট্রিক টন স্বর্ণা (মোটা) চাল।যশোরের শার্শা উপজেলার চাল আমদানিকারক প্রতিষ্ঠান অর্ক ট্রেডিং দুই হাজার মেট্রিক টন আতপ ও তিন হাজার মেট্রিক টন সেদ্ধ মোটা চাল আমদানির অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১০০ মেট্রিক টন সেদ্ধ স্বর্ণা চাল ইতোমধ্যে এই প্রতিষ্ঠান আমদানি করেছে। যার প্রতিকেজি আমদানিমূল্য পড়েছে ৫১ টাকা। অন্যান্য খরচ দেড় থেকে দুই টাকা। অর্থাৎ ৫৩ টাকা প্রতিকেজির দাম পড়েছে। অথচ দেশের বাজারে এই স্বর্ণা চাল ৫০ টাকা কেজি পাইকারিতে বেচাকেনা হচ্ছে।অর্ক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মফিজুর রহমান বলেন, ‘৫৩ টাকা কেজি দরে মোটা চাল আমদানি করেছি। পরে দেখি, দেশের বাজারে মোটা চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি পাইকারি ও খুচরা বেচাকেনা হচ্ছে। বাধ্য হয়ে কেজিতে এক টাকা লোকসানে ৫২ টাকায় চাল বিক্রি করতে হয়েছে। যে কারণে ১০ ডিসেম্বরের মধ্যে ৫ হাজার টন চাল আমদানি করা হয়তো সম্ভব হবে না।’

যশোরের শার্শার স্থানীয় চালের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সেদ্ধ স্বর্ণা মোটা চাল ৫০ টাকা পাইকারি দামে আড়তে বেচাকেনা হচ্ছে।নাভারণ বাজারের সবচেয়ে বড় চালের আড়ত চৌধুরী রাইস মিলের স্বত্বাধিকারী রাশেদ চৌধুরী বলেন, ‘বুধবার হাইব্রিড মোটা চাল ৪৯ টাকা ও স্বর্ণা মোটা চাল ৫১ টাকা কেজি পাইকারিতে বিক্রি হয়েছে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। এখন থেকে চালের দাম কমতে থাকবে। যদিও এবার অতিবৃষ্টির কারণে চালের উৎপাদন কমেছে। সে কারণে চাল আমদানির প্রভাবও বাজারে থাকবে।’বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর দিয়ে ৯ দিনে ৩৩ ট্রাকে এক হাজার ৩০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আরও চালের চালান বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানি এভাবে অব্যাহত থাকলে বাজারে চালের দাম কমে আসবে বলে জানান তিনি।


এই বিভাগের আরো খবর