রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর ফলাফল আজ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এদিন দুপুরে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।
আগামী ২৬ অক্টোবর প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন হল প্রভোস্টারা। বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
তিনি বলেন, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সেই নির্বাচিতদের গ্যাজেট আজকেই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে। রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রভোস্টারা।
প্রতিনিধিরা কত টাকা বরাদ্দ পাবে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সব কিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে তার উপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমাণ বাজেট দেওয়া হবে।
সাড়ে তিন দশক পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
নির্বাচনের ফলাফলের গেজেট হস্তান্তর এর সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার প্রফেসর মো. আমিনুল হক, প্রফেসর মোহা. এনামুল হক, প্রফেসর মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর মো. আব্দুল হান্নান, প্রফেসর মো. নিজাম উদ্দিন, প্রধান রিটার্নিং অফিসার ও রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, হিসাব পরিচালক (অতি. দায়িত্বে) প্রফেসর মোহাম্মদ নিঝর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।