বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তর এ টুর্নামেন্ট আয়োজন করে। এ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকা গ্রুপে রাজশাহী বিভাগের আট জেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন হয় পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় সিরাজগঞ্জ সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়।


সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন, এবার অনূর্ধ্ব-১৭ ও কলেজ পর্যায়ের খেলা আমি দেখেছি, তাদের খেলার থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছোটদের খেলা আমার কাছে অনেক ভালো লেগেছে। খেলার মধ্যে তাদের ছন্দ ছিল অসাধারণ। এসময় সকলের প্রতি শুভকামনা জানিয়ে জয়ী হতে না পারা দলের খেলোয়াড়দের মন খারাপ না করতে উপদেশ দেন তিনি।
রাজশাহী প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. সানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেনরাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহ্জাহান এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার । অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন দুটি দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।


এই বিভাগের আরো খবর