রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন- মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা (৬)(২)(এ) মোতাবেক তাদের অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।