সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

‘গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি আবার বিপদে পড়বে’

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বচ্ছ-স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে জাতি আবার একটি বিপদের মধ্যে পড়ে যাবে।সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে লেখক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘সরকার বলেছে, এ বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই উদ্যোগ নেওয়া হবে। এটা যদি কথার কথা না হয়, তাহলে দেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয়; যেমন- ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫-১৬ বছর শেখ হাসিনার আমল দেখেছি। স্বচ্ছ-স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি থাকলে এ জাতি আবার বিপদে পড়বে।’

সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।’অনুষ্ঠানে আরও ছিলেন– জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন প্রমুখ।


এই বিভাগের আরো খবর