বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম করেই নির্বাচন দিতে হবে। সংস্কার না করে নির্বাচনে গেলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য নির্বাচন হোক এটি আমরা চাই। তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার আমাদের করতেই হবে। জাতির স্বার্থে যেগুলো সংস্কার খুব জরুরি সেগুলো আগে করতে হবে।’ বুধবার (১৯ মার্চ) বিকালে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ড. কেরামত আলী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি যদি আবার এসে যায় তাহলে কিন্তু এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাই আগামী দিনে কোন ফ্যাসিবাদী শক্তি যেন আমাদের মাথার উপরে আসতে না পারে। পরাজিত শক্তি যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর কোনদিন যেন বাংলাদেশের মাটিতে এনে ভিত্তিস্থাপন করতে না পারে, সেই জায়গাটি আমরা আর কোনদিন দেখতে চাই না। ’ তিনি বলেন, ‘আমরা আগামী দিনে দেশের এমন একটি পরিবর্তন চাই যেটি আল্লাহ তা’য়ালা তার কুদরতি শক্তি দিয়ে করেন। আগামী দিনের নির্বাচন যেন কলুষিত না হয়, টাকার কাছে নির্বাচন যেন জিম্মি না হয়। ব্যবসায়ীর টাকা কাছে নির্বাচন যেন এদিক-ওদিক চলে না যায়। মানুষ যেন তার ন্যায়-সঙ্গত, যুক্তিসঙ্গত, যাকে পছন্দ তাকে যেন ভোটটি দিতে পারে আমরা একটি নির্বাচন চাই।
তিনি আরও বলেন, ‘যে মাসে কুরআন নাযিল করা হয়েছে সেই মাসটিই হচ্ছে রমজান মাস। কুরআন নাযিল করা হয়েছে জন্যই রমজানের মর্যাদা এতো বেশি। এজন্য রমজানের যে শিক্ষা সেটি আমাদের নিতে হবে। রমজানের শিক্ষা বাকি ১১টি মাসে বাস্তবায়ন করে একটি পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।’
রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, দৈনিক সংগ্রামের স্পেশাল করেসপন্ডেন্স সরদার আব্দুর রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, এডিটরর্স ফোরাম রাজশাহীর সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সেক্রেটারী আশরাফুল আলম ইমন প্রমুখ।