রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে ড্রাম ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে নাটোর- রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় একটি ড্রাম ট্রাক ও দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনায় ঘটে। সড়ক দুর্ঘটনায় মৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী মিজানুর রহমান, নাসিম ও জুয়েল। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। আহতদের আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্যমতে, গেল রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর অন্তত ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুইটি বাসে করে শিক্ষা সফরের উদ্দেশ্যে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত এর উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। শিক্ষা সফরের অপর বাস সড়কের পাশের দোকানে ঢুকে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসিম ও জুয়েল মারা যান। আজ সোমবার সকালে মারা যান মিজানুর রহমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম জানান, কিভাবে ড্রাম ট্রাক ও দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আইনগত পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।
খবর পেয়ে রাতেই রাজশাহী হাসপাতলে যান মহানগর জামায়াতের নেতবৃন্দ।