রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে’ : জামায়াত

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সংস্কার ও বিচার কাজ শেষ করে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের এই আহ্বান। পলাতক স্বৈরাচারের আমলে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তিনটি নির্বাচনের নামে জাতির সঙ্গে হাসিনা প্রহসন করেছেন।শুক্রবার (১৮এপ্রিল) সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ হাসিনা নামক এক জগদ্দল পাথরের নিচে চাপা ছিল। দীর্ঘ সময় লাকসামে উম্মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন করতে পারিনি আমরা। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রদের গণআন্দোলনের মাধ্যমে বাঙালী জাতি মুক্ত হয়েছে। আজ এই উন্মুক্ত পরিবেশ ফিরে পেয়ে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, কুরআন এবং সুন্নাহর আইন ছাড়া মানবরচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন এবং সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব।

লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

এসময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জামায়াত মনোনীত কুমিল্লা-৯ আসনের প্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর