রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকেই দিতে হবে, রফিকুল আমীনকে যদি ফেরত দিতে হয়, রফিকুল আমীনকে আগের বোর্ডে নিয়ে আসতে হবে। এমডির পজিশনে বসাতে হবে। ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পরে থেকে আমি টাকা দেওয়া শুরু করব।’ তবে কীভাবে টাকা দেবেন, তা ব্যাখ্যা করেননি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডেসটিনি ২০০০-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বর্তমান ব্যবস্থাপনা বোর্ড তাঁকে ডেসটিনির পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে চাইছে না বলে অভিযোগ করেন রফিকুল আমীন। তিনি দাবি করেন, একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে বোর্ডে নেওয়া হচ্ছে না। তার অভিযোগ, বিদেশে পলাতক তিনজন পরিচালক এই ষড়যন্ত্রের মূলহোতা এবং তাঁরাই কোম্পানির সমস্ত অর্থ বিদেশে পাচার করে দিয়েছেন।
উল্লেখ্য, ডেসটিনি ২০০০ লিমিটেড ২০০১ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং প্রথম এক দশক সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে পরবর্তী এক দশক ধরে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। এক সময় দেশজুড়ে কোম্পানিটির প্রায় ৪৫ লাখ গ্রাহক ছিল।
এদিকে ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো রাজনৈতিক নতুন দল ‘আ-আম জনতা পার্টি। বাংলাদেশের জনগণের সাধারণ অভিপ্রায়কে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলা এ দলের লক্ষ্য।
দলের আত্মপ্রকাশ নিয়ে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে, তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ-আম জনতা পার্টি।