সাইফুল হক বলেন, ‘ধসে পড়া নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনাই কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান কর্তব্য।’
তিনি বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আচরণবিধি চূড়ান্তের আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি।’
তিনি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অলাভজনক’ করার প্রস্তাব দিয়ে বলেন, ‘নির্বাচনকে যদি লাভের কেন্দ্র হিসেবে রাখা হয়, তাহলে সেখানে টাকা আর পেশিশক্তির আধিপত্য থাকবেই। এই দৌড় বন্ধ করতে নির্বাচনকে অলাভজনক করতে হবে।’
বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের সদস্যরা অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন বলে জানান সাইফুল হক।
প্রতিনিধিদলে আরও ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।







