সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

রাজশাহীতে কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রিক্সা চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় বজলুর রশিদ নামের এক রিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাটাখালী থানা পুলিশ। আজ দুপুরে এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত বজলুর রশীদ রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত ১১ জুলাই বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল। রাত সোয়া ৮ টার দিকে কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে চালক রিকশাটি নষ্ট হয়েছে বলে থামায়। ওই সময় প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ও আশপাশ কেউ ছিল না। এসময় রিকশাচালক অতর্কিতভাবে ঐ ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গলা টিপে ধরে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এসময় ঐ ছাত্রী রিকশাচালকের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে পালিয়ে মুল রাস্তায় উঠে এবং সাহায্যের জন্য সে চিৎকার দেয়। ঘটনাস্থলের কিছু দুরে এসে একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটি থামায় এবং চালক ও অন্য যাত্রীদের ঘটনা খুলে বলে। সে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে ওই। এঘটনায় ছাত্রীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমানের নেতৃত্বে কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামিকে সনাক্ত এবং গ্রেফতার অভিযান শুরু করে। পরবর্তীতে কাটাখালী থানার এসআই টিএম সেলিম রেজা ও তাঁর টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়ার বাড়ী থেকে আসামি রিকশাচালক বজলুর রশিদকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানায় রিকশাচালক বজলুর রশিদ এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর