রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

প্রস্তুতি মোটামুটি ভালো হলেও দল নিয়ে খুশি শান্ত

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মিরপুরে বুধবারের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘প্রস্তুতি যদি বলেন… মোটামুটি ভালো হয়েছে। তবে আরও ভালো হতে পারতো। পাকিস্তান সিরিজ একটু দেরিতে হলো। যার কারণে কিছু ক্ষেত্রে সময়টা একটু কম পাওয়া গেছে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। যতোটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো প্রস্তুতি হয়েছে।’প্রস্তুতি যেমনই হোক বাংলাদেশ দল লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিতবে বলে বিশ্বাস শান্তর, ‘শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগেও জিতেছি। আশা করবো এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

শ্রীলঙ্কা সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে মিরপুরে ক্যাম্প করছে বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি শেষে নিজেদের মধ্যে ম্যাচের আবহ তৈরি করে খেলেছেন ক্রিকেটাররা। সেখানে শান্তকে বেশ সাবলীল মনে হলেও শর্ট বলে ভুগেছেন।

কোন পজিশনে শান্তকে ব্যাটিং করতে দেখা যাবে, এমন প্রশ্নে রহস্য রেখে দিলেন তিনি, ‘এটা আসলে এখানে বলতে চাচ্ছি না। প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে উন্মুক্ত হয়ে যেতে পারে। আমি যে কোনও পজিশনে খেলার জন‌্য প্রস্তুত আছি। আমাদের আরও টপ অর্ডার ব‌্যাটার আছে। পরিকল্পনা আছে, আবার বিকল্পও আছে। দেখা যাক।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট স্কোয়াড নিয়ে সন্তুষ্টির কথা জানালেন শান্ত, ‘দল নিয়ে আমি খুবই খুশি। দলে যেসব ক্রিকেটারদের চেয়েছি, শতভাগ পেয়েছি। তাই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমি খুশি। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।’

ইবাদত হোসেনের প্রত্যাবর্তন প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘ইবাদতকে আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। আরও বোলার ছিল, কিন্তু ওর মতো উইকেট শিকারি কেউ ছিল না। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ে ও ইনজুরিতে পড়েছিল। অনেকদিন পর তার ফেরা বড় ব্যাপার। প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। পুরোপুরি ফিট আছে। আশা করি তাকে দিয়েই আমাদের ঘাটতি পূরণ হবে।’


এই বিভাগের আরো খবর