স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করবেন, আমরা সে সময়ের জন্য প্রস্তুত আছি।কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি।
পটুয়াখালীতে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পুলিশ প্রোটেকশন দিতে পারে নাই। সামনের আট মাসে নির্বাচনে প্রোটেকশন দেওয়া কীভাবে সম্ভব প্রশ্নে তিনি বলেন, এ ধরনের ছোটখাট ঘটনা সব সময় ঘটে। যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন, তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনোকিছু না ঘটতো, তাহলে পুলিশ বাহিনীরই দরকার হতো না।
গত চার মাসে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ৩৫০ এর বেশি। খুনের ঘটনা বাড়ার বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন প্রশ্নে তিনি বলেন, শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হচ্ছে এটা আপনারাও বলছেন। এই ঘটনাগুলো যতটা কমিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।






