মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার পতন, দেশ ত্যাগ

ডেস্ক নিউজ
আপডেট : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে। তবে তিনি কোথায় গেছেন সে সম্পর্কে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে এখন রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নেতা এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তারা কীভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করছেন। এ ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকাঠামো কীভাবে হবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। কিন্তু এখন পর্যন্ত সংসদ বাতিল হয়নি এবং সংবিধানও স্থগিত করা হয়নি৷ কাজেই সাংবিধানিক ধারাবাহিকতা যদি রাখতে হয় তাহলে বর্তমান সংবিধান কাঠামোর মধ্যেই একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে, যেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

তবে শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গেছে যে, তারা একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায়। নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল সমাজের প্রতিনিধিদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্র কাঠামো সংস্কারের কাজ করবে এবং নতুন সংবিধান প্রণয়ন করবে। এরপর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ কিছুক্ষণের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রকাঠামো সংস্কার উত্থাপন করবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয় যে অন্তর্বর্তীকালীন কোন চেহারার হয়। এটি কি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আদলে হয় নাকি সবদর্লীয় সরকার হয়।


এই বিভাগের আরো খবর