ছ’মাস আগে দুবাইয়ের যে পিচে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, সে রকম পিচ এশিয়া কাপে পাবেন না গৌতম গম্ভীরেরা। এ বারের প্রতিযোগিতায় পিচ ও পরিবেশ আলাদা। খেলতে নামার আগেই খেলার ফয়সালা হয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক টনি হেমিং ও ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন সিংহ। ভারতকে সতর্ক করেছেন তাঁরা।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে টনি জানিয়েছেন, গত দু’বছরে দুবাইয়ের পিচে অনেক বদল এসেছে। বিশেষ করে গরমের সময় সেখানকার পিচ অন্য রকম হয়। টনি বলেন, “পিচে অনেক ঘাস রয়েছে। এখনও তা কাটা হয়নি। যাতে বলের গতি ও বাউন্স ভাল হয় তার জন্যই বেশি ঘাস রাখা হয়েছে। দুবাইয়ে এখন এত গরম যে ঘাস বেশি কেটে ফেললে পিচ ভেঙে যেতে পারে। তাই ঘাস থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত যে পিচে খেলেছিল, তা এখন পাবে না ওরা। সেটা বুঝে ওদের পরিকল্পনা করতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে স্পিনারদের আধিক্য ছিল। মাত্র এক জন বিশেষজ্ঞ পেসারে খেলেছিল ভারত। তাতে ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি। পিচ এত মন্থর হয়ে গিয়েছিল যে ২৫০ রান করাও কঠিন মনে হচ্ছিল। কিন্তু এশিয়া কাপে তা হবে না। সেখানে স্পিনারদের থেকেও পেসারেরা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। সেই সতর্কবার্তা গম্ভীরদের দিলেন টনি ও রবিন।