সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বৈষম্য মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বিকশিত ফাউন্ডেশন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
ডাকসু নির্বাচনকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা আশা এবং ভরসা করবো এই সরকারের ওপর, আগামীকাল যাতে ডাকসু নির্বাচনকে কেউ ব্যাহত করতে না পারে। আগামীকাল ছাত্রদল অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে।
জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থনের মধ্যে দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানের কলকাতায় বসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, এতদিন খেলেছে আওয়ামী লীগ-যুবলীগ। শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী। এখন জনগণের খেলা শুরু হয়ে গেছে। এই খেলা আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বলা হয়েছে, সেটা দূর করার দায়িত্ব সরকারের। যে সব প্রেতাত্মা সচিবালয়, কলকাতা এবং দেশে বসে গুপ্তচর বিক্রি করে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, তাদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে তাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনি একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, কিন্তু দেশের জনগণের ইমানের জোর অনেক বেশি। আপনার কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না।