ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও এজিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা লড়বেন।আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, জিএস পদে সালাউদ্দিন আম্মার, এজিএস পদে আকিল বিন তালেব।গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলে ভিপি পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, জিএস পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ ও এজিএস পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।
রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এ ছাড়া জিএস পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক তাসিন খান, জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও এজিএস পদে সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম। তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, যিনি একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজকেই শেষ হবে মনোনয়ন প্রত্যাহার। আগামীকাল চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করা হবে। প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণ বিধি মেনে কাল থেকেই প্রচারণা করতে পারবেন।
প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর। ওই দিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।