মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবী ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ এবং সম্মিলিত নীতিমালা-২০২৫এ বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্তির দাবীতে জেলা প্রশাসক আফিয়া আখতার কে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বিএডিসি বীজ ডিলার এ্যাসোসিয়েশন রাজশাহী। স্মারকলিপি দেয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএডিসি বীজ ডিলার। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাহাফুজুল হাসনাইন। উপস্থিত ছিলেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনসহ অন্যান্য সদস্য ও বীজ ডিলাররা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারা দেশে বর্তমানে প্রায় ১১,০০০ জন বিএডিসি বীজ ডিলাররের মধ্যে ইতিমধ্যে প্রায় ৫,২০০ জন সার ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং সফলভাবে দ্বৈত ব্যবসা পরিচালনা করছেন। এই পরিসংখ্যান প্রমাণ করে যে অবশিষ্ট ডিলারদেরও সার ডিলারশিপ প্রদান করা হলে কৃষি উপকরণের সরবরাহ আরও সুষম ও নিশ্চিত হবে।
অবিলম্বে অবশিষ্ট বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হলে কৃষকরা এক স্থান থেকেই বীজ ও সার উভয় মৌলিক উপকরণ সংগ্রহ করতে পারবেন, যা তাদের যাতায়াত খরচ ও মূল্যবান সময় উল্লেখযোগ্য ভাবে সাশ্রয় করবে।


বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলারগণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে অপরিহার্য্য অংশ হিসেবে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করে আসছেন। কৃষক পর্যায়ে মানসম্মত বীজ সময়মতো পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনকে গতিশীল করছেন। তারা সম্মিলিত নীতিমালা-২০২৫”- এ প্রভাবিত নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নে ৩ জন করে ডিলার নিয়োগের নীতিগত চমৎকার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। এই সিদ্ধান্তটি কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থাকে বিকেন্দ্রীয়করণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
তারা বলেন, সরকারের এই জনহিতকর নীতিমালা অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এর দ্রুত ও সফল বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিএডিসি বীজ ডিলারগণই সবচেয়ে উপযোগী এবং অভিজ্ঞ শক্তি। তাদের রয়েছে বহু অভিজ্ঞতা এবং কৃষকদের সাথে সরাসরি সম্পর্ক প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বিস্তৃত একটি সুসংগঠিত বিতরণ নেটওয়ার্ক।
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের জন্য গঠিত ৮ (আট) সদস্যের কমিটিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)- এর প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকলেও, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা প্রতিফলনের জন্য বিএডিসি ডিলার এসোসিয়েশনের কোন প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা হয়নি। অতএব, বিএফএ-এর ন্যায় বিএডিসি ডিলার এসোসিয়েশনের এক জন অভিজ্ঞ প্রতিনিধিকে ঐ কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানান তারা।


এই বিভাগের আরো খবর