সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প , নিহত ৩

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার শক্তিশালী  ভূমিকম্প  হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকায় বংশালে একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে তিন পথচারী প্রাণ হারিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ (শুক্রবার) সকালে ভূমিকম্পের সময় বংশাল থানাধীন কসাইটুলির সাকিনস্থ কেপি ঘোষ স্ট্রিটের একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হন।পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর