রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত সকাল ৮ এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদের দ্বিতীয় বৃহত্তর জামায়াত হবে টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়।

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। ঈদের দিন বৈরী আবহাওয়া থাকলে দরগাহপাড়া মসজিদ অনুষ্ঠিত হবে।
মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নসহ সমতলকরণ করতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। এছাড়া নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আর এম পির মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।