বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ভুয়ো ভোটার ঠেকাতে আঙুলের ছাপ, চোখের মণি স্ক্যান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সঠিক ভোটারকে চিহ্নিত করতে আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করানোর ব্যবস্থা করা হোক— এই আর্জিতে এ বার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। মামলাকারীর আর্জি, লোকসভা বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করুক কমিশন। প্রত্যেক ভোটগ্রহণকেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ বা চোখের মণি স্ক্যান করানোর ব্যবস্থা চালু হলে ‘ভূতুড়ে’ বা ভুয়ো ভোটার ঠেকানো যাবে বলে মনে করছেন তিনি।

সোমবার আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায় এই জনস্বার্থ মামলাটি করেন। তিনি প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলাটি শুনতে রাজি হয়েছে। তবে একই সঙ্গে এ-ও স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে, তার প্রেক্ষিতে এই মামলা গৃহীত হচ্ছে না। পরবর্তী লোকসভা এবং বিধানসভা ভোটগুলিতে এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করে দেখা হবে।


এই বিভাগের আরো খবর