রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত স্ত্রীর শরীর থেকে সোনার গহনা খুলে মরদেহ ফেলে পালিয়েছে স্বামী। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের হাসিনা খাতুন (২১) মঙ্গলবার রাতে বিষপানে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
হাসিনার আত্মীয়দের অভিযোগ, নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে হাসিনার সাথে প্রায় সাত মাস আগে রাতুলের বিয়ে হয়। সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মঙ্গলবার রাতে হাসিনা বিষপানে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামেক হাসপাতালে নেয়া হয়। ওই সময় তার সাথে ছিল স্বামী মো. রাতুল, বোন লাইলা খাতুন ও রাতুলের দুই বন্ধু। তবে হাসিনার মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নেওয়া হয় এবং এরপরই স্বামীসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান।
পুলিশ মামলার এজহারের বরাত দিয়ে বলেন, হাসিনার স্বামী রাতুল মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত । বিয়ের পর থেকেই এক লাখ টাকার জন্য হাসিনার ওপর চাপ সৃষ্টি করতেন। কিন্তু যৌতুকের টাকা না পেয়ে হাসিনাকে প্রায়ই নির্যাতন করা হয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত সোমবার দিবাগত রাতে হাসিনা কীটনাশক পান কওে আত্মহত্যার চেষ্টা করে।
গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।